চলতি মাসের ৯ তারিখে রবিবার বন্ধের দিন পুর বাসস্ট্যান্ডে চার আদিবাসি মহিলাকে ধর্ষন ও শ্লীলতাহানী করার অভিযোগে শনিবার গভীর রাতে আরো এক দুস্কৃতিকে গ্রেফতার করল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতের নাম পান্না সরকার ওরফে রাজু(৩০), তার বাড়ি কোচবিহার জেলার দিনহাটার ভাগ্নি এলাকায়। দীর্ঘ কয়েক বছর ধরে সে রায়গঞ্জের উকিল পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো। রায়গঞ্জে ট্রেকারের ড্রাইভারের কাজ করত পান্না সরকার। গোপন সুত্রের খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে রায়গঞ্জ থানার পুলিশ উকিল পাড়ায় হানা দিলে সে এলাকার একটি পানা পুকুরে লুকানোর চেষ্টা করে।এরপর সেখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে সেখানে আত্মগোপন করেছিল।ধৃত দুষ্কৃতি পান্না সরকারকে আজ রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে পুলিশ।